Tuesday, September 22, 2026

আজমুল হত্যা মামলার অন্যতম আসামি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার


ছবিঃ আজমুল হোসেন আযম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনার শিক্ষার্থী আজমুল হোসেন আযম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে অপরাধ দমন বাহিনী এসআরবি-৬ (খুলনা) ও এসআরবি-৮ (বরিশাল)-এর যৌথ দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসনাত হাবিব রিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের টাউন নোয়াপাড়া শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রিফাতের অবস্থান শনাক্ত করার পর এসআরবি-৬ ও এসআরবি-৮-এর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজমুল হোসেন আযম হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযানকারী দল। তার কাছ থেকে পাওয়া তথ্য ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এসআরবি-৬-এর কমান্ডিং অফিসার মিফতার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হাসনাত হাবিব রিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজমুল হত্যা মামলায় রিফাতের গ্রেপ্তারের পর তদন্তে নতুন তথ্য পাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন