- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
তামাক খাতে কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, তামাক শিল্পকে কঠোর নজরদারির আওতায় এনে উৎপাদন ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। ‘রেভিনিউ মোবিলাইজেশন: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।
এনবিআর চেয়ারম্যান জানান, তামাক শিল্পে কাউন্টিং মেশিন, কাউন্টিং ক্যামেরা, কিউআর কোড এবং উন্নত রাজস্ব স্টিকার ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও বিক্রির তথ্য সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং কর ফাঁকির সুযোগ কমে আসবে।
তিনি আরও বলেন, তামাক খাতে এই পদ্ধতি সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে অন্যান্য পণ্য ও শিল্পখাতেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হতে পারে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হবে। নতুন বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
করদাতাদের হয়রানি কমাতে রাজস্ব প্রশাসনকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ওপরও জোর দেন তিনি। তার ভাষায়, ‘ফেসলেস’ সিস্টেম চালু হলে করদাতারা ঘরে বসেই করসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন, ফলে সরাসরি যোগাযোগ কমবে এবং হয়রানিও হ্রাস পাবে।
এছাড়া আগামী ১ জুলাই থেকে আয়কর ফেরত দেওয়ার প্রক্রিয়া চালুর আশাবাদও ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।
সংলাপে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
আলোচনায় কর-জিডিপি অনুপাত, করনীতি সংস্কার, রাজস্ব আহরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে রাজস্ব নীতির ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।