Sunday, May 17, 2026

ব্যাংক খাতের সংকট নিরসনে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি: হোসেন জিল্লুর রহমান


ছবিঃ ড. হোসেন জিল্লুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

দেশের ব্যাংক খাতের চলমান সংকট দ্রুত সমাধান করা না গেলে অর্থনীতিতে আরও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তন এ অনুষ্ঠিত ‘দেশের ব্যাংকিং খাতের বিপর্যয়; প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং খাত: জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তি, গ্রাহক ও অর্থনীতিবিদরা অংশ নেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক সংকটের মুখোমুখি। বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, বেকারত্ব বাড়ছে এবং সাধারণ আমানতকারীরা নীরবে দুর্ভোগ পোহাচ্ছেন। তার মতে, অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক খাতকে সুস্থ ধারায় ফেরানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, অনেক গ্রাহক ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। এ অবস্থায় গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংককে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে বক্তব্য দেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাট দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে। তার মতে, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের ঘটনাগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। অতীতে যেসব অনিয়ম ও লুটপাট হয়েছে, তার হিসাব আলাদা করে পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে।

সেমিনারে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক ও পেশাজীবীরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে কিছু ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করা হয়েছে, যা ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করেছে।

অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন