- ১৭ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চার বছরের সফল অধ্যায়ের ইতি টানতে চলেছেন রবার্ট লেভানডোভস্কি। চলতি গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকার।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, বার্সেলোনায় কাটানো সময় ছিল চ্যালেঞ্জ, পরিশ্রম এবং সাফল্যে ভরা। এখন নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেন লেভানডোভস্কি। এরপর বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে দলটি জিতেছে তিনটি লা লিগা শিরোপা এবং ২০২৫ সালে কোপা দেল রে।
বার্সেলোনায় অভিষেক মৌসুমেই কোচ জাভি হার্নান্দেজ এর অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন এই তারকা। চলতি মৌসুমেও ৪৪ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।
নিজের বিদায়ী বার্তায় লেভানডোভস্কি লেখেন, “চার মৌসুমে তিনটি শিরোপা—আমার মিশন সম্পূর্ণ হয়েছে।” পাশাপাশি বার্সেলোনা ও কাতালোনিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, রোববার রিয়াল বেতিস এর বিপক্ষে ম্যাচটিই হবে বার্সেলোনার জার্সিতে লেভানডোভস্কির শেষ উপস্থিতি। ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা হবে বলেও জানান তিনি।
কোচ ফ্লিক লেভানডোভস্কিকে “অসাধারণ মানুষ ও বিশ্বমানের ফুটবলার” হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।”