- ১৭ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আরেকটি ফাইনাল, আরেকটি হতাশা। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার ক্লাব আল নাসর এর। নিজেদের মাঠ আলাওল পার্কে অনুষ্ঠিত ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় সৌদি ক্লাবটি।
শনিবারের ফাইনালে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল আল নাসরের। তবে একের পর এক সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
ম্যাচের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে। জাপানি ক্লাবটির হয়ে দূরপাল্লার নিখুঁত শটে গোল করেন ডেনিজ হুমেট। সেই গোলের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক রুই আরাকির দুর্দান্ত পারফরম্যান্স তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
পরিসংখ্যানেও ম্যাচে এগিয়ে ছিল আল নাসর। পুরো ম্যাচে ৬৭ শতাংশ সময় বলের দখল ধরে রাখে তারা এবং মোট ১৭টি শট নেয়। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে গাম্বা ওসাকা মাত্র তিনটি শট নিয়েও কার্যকর ফুটবল খেলেছে।
শেষ বাঁশি বাজার পর হতাশায় ভেঙে পড়েন রোনালদো। মাঠ ছাড়ার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে বেঞ্চে বসে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও হতাশা যেন কিছুতেই কাটছিল না তার।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ফলে সৌদি ক্লাবটির হয়ে তার ট্রফিখরা আরও দীর্ঘ হলো।
তবে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা জয়ের আরেকটি সুযোগ রয়েছে আল নাসরের সামনে। সৌদি প্রো লিগ এ ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। শেষ ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের।