- ২০ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। তবে মাঠের এই লড়াইয়ের পর স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে দুই দলই।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় এই শাস্তি দেওয়া হয়।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার-রেট বজায় রাখতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ের বাইরে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
ম্যাচে নির্ধারিত সময়ের হিসাব সমন্বয়ের পর পাকিস্তান দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে পাকিস্তানের জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০ শতাংশ, আর শ্রীলঙ্কাকে দিতে হচ্ছে ৫ শতাংশ।
মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি দুই দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় আর্থিক জরিমানা গুনতে হচ্ছে দুই দলকেই।