- ২৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের নির্বাচিত পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, কোরবানির পশুর হাটগুলোতে ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়ে থাকে। তাই ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার জন্য বাড়তি সময় ব্যাংকিং সেবা চালু রাখা প্রয়োজন।
নির্দেশনা অনুযায়ী, ২৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত নির্বাচিত শাখা, উপশাখা ও অস্থায়ী বুথে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এসব বুথে টাকা জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুবিধাও থাকবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার গাবতলী, মিরপুর, কালশী, উত্তরা দিয়াবাড়ী, খিলক্ষেত ও বাড্ডাসহ বিভিন্ন পশুর হাটের পাশে এ সেবা চালু থাকবে। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কাজলা-মাতুয়াইল, বনশ্রী, রহমতগঞ্জ, পোস্তগোলা, খিলগাঁও, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়ার অস্থায়ী পশুর হাটসংলগ্ন এলাকাতেও বিশেষ ব্যাংকিং ব্যবস্থা রাখা হবে।
এ ছাড়া চট্টগ্রাম-এর বিবিরহাট ও সাগরিকা, রংপুর-এর লালবাগ সদর হাট, খুলনা-র জোড়া হাট এবং রাজশাহী সিটি হাটের আশপাশের ব্যাংক শাখাগুলোও এ সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।