Monday, May 25, 2026

ঈদ বোনাস পেয়েছেন অধিকাংশ পোশাক শ্রমিক, ধাপে ধাপে ছাড়ছেন ঢাকা


ফাইল ছবিঃ পোশাক কারখানা শ্রমিক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, সচল কারখানাগুলোর প্রায় ৯৫ শতাংশে শ্রমিকরা ইতোমধ্যে বোনাস পেয়েছেন।

সোমবার বিজিএমইএর পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৩টি সচল পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। শতাংশের হিসাবে যা ৯৪ দশমিক ৭০ শতাংশ।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ঢাকায় বর্তমানে সচল রয়েছে ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি পোশাক কারখানা। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানায় বোনাস বিতরণ শেষ হয়েছে।

এদিকে এপ্রিল মাসের বেতনও প্রায় সব কারখানায় পরিশোধ করা হয়েছে। বিজিএমইএ জানায়, মোট ২ হাজার ১১৭টি কারখানা শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৭৬৭টি কারখানা।

ঈদকে সামনে রেখে শ্রমিকদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ধাপে ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা নিয়েছে পোশাক খাত সংশ্লিষ্টরা। সড়কে অতিরিক্ত চাপ এড়াতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রমিকদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।

বিজিএমইএর পরিকল্পনা অনুযায়ী, গত ২৪ মে ১০৮টি কারখানার শ্রমিকরা ঢাকা ছেড়েছেন। ২৫ মে আরও ৬৬৪টি কারখানার কর্মীরা বাড়ির পথে রওনা হয়েছেন। আগামী ২৬ মে সবচেয়ে বেশি, ৭৭১টি কারখানার শ্রমিক একযোগে ঢাকা ছাড়বেন। আর শেষ ধাপে ২৭ মে অবশিষ্ট ২৫১টি কারখানার শ্রমিকদের ছুটি কার্যকর হবে।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ফলে সড়কে যানজট ও অতিরিক্ত ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন