- ২৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যমুনা বহুমুখী সেতু এলাকায় ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছে সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার যানবাহন সেতু পারাপার করেছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি টাকার বেশি।
সোমবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এসব যানবাহন থেকে মোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময় উত্তরবঙ্গমুখী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পার হয়ে টোল দিয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।
ঈদযাত্রার বাড়তি চাপ সামাল দিতে সেতুর দুই প্রান্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে উভয় পাশে ৯টি করে মোট ১৮টি ডিজিটাল বুথ চালু রাখা হয়েছে, যাতে যানবাহন দ্রুত পারাপার করতে পারে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা বুথের ব্যবস্থাও রাখা হয়েছে।
সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সে কারণে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা বহুমুখী সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সেতুর টোল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)।