Friday, May 15, 2026

ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে সাফল্য: পিবিআই নারায়ণগঞ্জের তিন কর্মকর্তার আইজি ব্যাজ অর্জন


ছবিঃ পুরস্কারপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজে ভূষিত হয়েছেন। ২০২৬ সালের পুলিশ সপ্তাহে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—উপ-পরিদর্শক পুলক সরকার, মো. জাহিদ হোসেন রায়হান এবং সৈয়দ দেলোয়ার হোসেন।

বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রতিবছর পুলিশ সপ্তাহে দায়িত্ব পালনে সাহসিকতা, দক্ষতা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির তিন কর্মকর্তার হাতে “এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ” তুলে দেন।

পিবিআই নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ দায়িত্ব গ্রহণের পর থেকে জেলায় একের পর এক জটিল ও ক্লুলেস হত্যা, ডাকাতি এবং অপহরণ মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য আসে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখেন এ তিন কর্মকর্তা।

উপ-পরিদর্শক পুলক সরকার সোনারগাঁওয়ের প্রতিবন্ধী সোহেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আলোচনায় আসেন। তিনি মামলার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে তদন্ত সফলভাবে সম্পন্ন করেন।

অন্যদিকে উপ-পরিদর্শক মো. জাহিদ হোসেন রায়হান আড়াইহাজার ও বন্দরের দুটি মাথাবিহীন অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া বন্দর এলাকায় সালিশ বৈঠকে হাতুড়িপেটায় শ্রমিক হত্যা এবং ফতুল্লায় পারিবারিক বিরোধে গৃহবধূ হত্যার ঘটনায়ও তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে আসামিদের গ্রেফতার করেন।

উপ-পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন রূপগঞ্জের এক যুবক হত্যা মামলার তদন্তে সাফল্য অর্জন করেন। তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারসহ মামলার মূল রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনেন।

পিবিআই সূত্র জানিয়েছে, এবারই প্রথম নারায়ণগঞ্জ জেলা থেকে একসঙ্গে সর্বোচ্চ তিন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ অর্জনের গৌরব অর্জন করলেন। এ অর্জন জেলার তদন্ত কার্যক্রমে পিবিআইয়ের দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন