Friday, May 15, 2026

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ট্র্যাজেডি: স্বামী-সন্তানদের পর মারা গেলেন সালমা


ফাইল ছবিঃ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। স্বামী ও তিন সন্তানের মৃত্যুর পর এবার প্রাণ হারালেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সালমার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার মারা যায় সালমার ছেলে মুন্না (১২) ও মেয়ে মুন্নি (৭)। বুধবার মৃত্যু হয় ছোট মেয়ে কথা’র (৪)। ঘটনার পরপরই সোমবার মারা যান পরিবারের কর্তা আবুল কালাম (৩৫)।

গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা আবুল কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের তিন সন্তান গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের লিকেজ ছিল। তবে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় শেষ পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের পাঁচ সদস্যের করুণ মৃত্যুতে এলাকায় শোক ও হতবিহ্বল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলছেন, কয়েক মুহূর্তের আগুন পুরো পরিবারটিকে নিঃশেষ করে দিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন