- ১০ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব নির্মাতা মিস্টার বিস্টের প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ কিশোর ও তরুণদের জন্য তৈরি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ স্টেপ অধিগ্রহণ করছে। সোমবার এ তথ্য নিজেই ঘোষণা দিয়েছেন মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন।
স্টেপ মূলত জেন–জি প্রজন্মকে লক্ষ্য করে তৈরি একটি ফিনটেক প্ল্যাটফর্ম। ব্যবহারকারীদের আর্থিক সচেতনতা বাড়ানো, সঞ্চয় গড়ে তোলা, বিনিয়োগের ধারণা দেওয়া এবং ক্রেডিট ইতিহাস তৈরিতে সহায়তা করাই এর মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এবং এর ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৭০ লাখ।
এই অ্যাপে বিনিয়োগকারীদের তালিকায় রয়েছেন একাধিক তারকা ব্যক্তিত্ব। জনপ্রিয় টিকটক তারকা চার্লি ডি’আমেলিও, অভিনেতা উইল স্মিথ, সংগীত দল দ্য চেইনস্মোকার্স ও বাস্কেটবল তারকা স্টিফেন কারির মতো সেলিব্রিটিরা এতে বিনিয়োগ করেছেন। পাশাপাশি জেনারেল ক্যাটালিস্ট, কোটু এবং পেমেন্ট জায়ান্ট স্ট্রাইপের মতো বড় ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, তরুণদের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে মিস্টার বিস্টের সঙ্গে স্টেপের অংশীদারিত্ব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে বর্তমানে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা ৪৬ কোটিরও বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে অনুসরণ করা কনটেন্ট নির্মাতায় পরিণত করেছে।
অধিগ্রহণের ঘোষণা দিয়ে মিস্টার বিস্ট বলেন, ছোটবেলায় বিনিয়োগ, ক্রেডিট তৈরি কিংবা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে তাকে কেউ শেখাননি। সেই অভাব থেকেই তরুণদের একটি শক্ত আর্থিক ভিত্তি গড়ে দেওয়ার লক্ষ্যেই তিনি স্টেপের সঙ্গে যুক্ত হচ্ছেন।
এর আগে ফাঁস হওয়া একটি প্রেজেন্টেশন নথিতে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, ফিনটেক খাতে প্রবেশে আগ্রহী ছিল বিস্ট ইন্ডাস্ট্রিজ। পাশাপাশি কম খরচে মোবাইল সেবা চালুর লক্ষ্যে একটি ভার্চুয়াল মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) চালুর বিষয়েও প্রতিষ্ঠানটি ভাবছে বলে জানা গেছে।
ইউটিউব বিজ্ঞাপন আয়ের বাইরে বিস্ট ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক পরিসর দিন দিন বাড়ছে। তাদের সবচেয়ে লাভজনক উদ্যোগ হিসেবে উঠে এসেছে চকলেট ব্র্যান্ড ফিস্টেবলস, যা ইউটিউব চ্যানেল ও প্রাইম ভিডিওর শো ‘বিস্ট গেমস’-এর চেয়েও বেশি মুনাফা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে লাঞ্চলি ও মিস্টার বিস্ট বার্গারের মতো কিছু প্রকল্প প্রত্যাশিত সাফল্য পায়নি।
স্টেপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিজে ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, এই অধিগ্রহণের মাধ্যমে স্টেপের প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা চালু করা সম্ভব হবে।
এই অধিগ্রহণের মধ্য দিয়ে কনটেন্ট নির্মাতা থেকে বহুমুখী ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে মিস্টার বিস্টের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।