Thursday, June 18, 2026

খুলনায় কলেজ বাস, ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ১৬


ছবিঃ খুলনা-যশোর মহাসড়কে একটি কলেজ বাস, ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনা-যশোর মহাসড়কে একটি কলেজ বাস, ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ফুলতলা উপজেলার যুগ্নীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সরকারি ব্রজলাল (বিএল) কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরি ও রূপসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কলেজ বাসটির সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই তিনটি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন