Thursday, August 6, 2026

মাদারীপুরে গ্যারেজে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু


ছবিঃ ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নীরব শরীফ (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তার বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব শরীফ পূর্ব বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে। প্রতিদিনের মতো বুধবার সকালেও সে ওই গ্যারেজে কাজ করতে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজের একপর্যায়ে গ্যারেজে রাখা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ড্রামের পাশে থাকা নীরব গুরুতর আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় তার বাম পা ছিন্নভিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

ঘটনার পর গ্যারেজে থাকা লোকজন ও স্থানীয়রা দ্রুত নীরবকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ড্রামটিতে কী ধরনের কেমিক্যাল ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন