- ০৬ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ারুল ইসলাম লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজুর ছেলে। আহতরা হলেন একই এলাকার বাবু হোসেন (৪০) ও লোকমান হোসেন (৫০)। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে কয়েকজন শ্রমিক ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়।
ধাক্কার পর অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোভ্যানে থাকা শ্রমিকরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ইয়ারুল ইসলাম, বাবু হোসেন ও লোকমান হোসেনকে উদ্ধার করেন। পরে তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে আহত বাবু হোসেন ও লোকমান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।