Wednesday, August 5, 2026

নারায়ণগঞ্জে পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৫


ছবিঃ নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উত্তেজনা কলেজ প্রাঙ্গণ ছাড়িয়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী, কলেজের সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে দুই পক্ষের পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজের বাইরে বেরিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে তাদের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে কলেজ রোড ও চাষাঢ়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

তিনি আরও বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলার পর পুলিশ উভয় পক্ষকে চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন