Wednesday, August 5, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ১০


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

র‍্যালিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র‍্যালি বের করলে এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজন অংশ নিয়েছেন—এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরকে ধাওয়া দিলে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে র‍্যালি করেছে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করা হলে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।

তিনি দাবি করেন, সংঘর্ষে ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। র‍্যালিটি গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

তার দাবি, এ ঘটনায় ছাত্রশিবিরের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

জাকারিয়া ইসলাম বাবু বলেন, প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সংঘর্ষ দ্রুত থামানো সম্ভব হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন