Thursday, August 6, 2026

কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেসার গ্যাস লাইনে অবৈধ সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার


ছবিঃ অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণের শঙ্কা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের হাই-প্রেসার লাইনে অবৈধ সংযোগ দিয়ে একটি চুনাপাথর কারখানায় গ্যাস সরবরাহের অভিযোগে দুই জমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, উপজেলার কাজিরচর এলাকায় ৪ ইঞ্চি ব্যাসের এবং ১ হাজার পিএসআইজি ক্ষমতাসম্পন্ন হাই-প্রেসার গ্যাস পাইপলাইনে অবৈধভাবে সংযোগ স্থাপন করে একটি চুনাপাথর কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ সৃষ্টি হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি রাষ্ট্রের মূল্যবান গ্যাসও অপচয় হয়।

ঘটনার পর গত ৩ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিতাস গ্যাসের আঞ্চলিক অপারেশন, প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অংশ নেয়।

অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ স্থাপনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অবৈধ সংযোগের সত্যতা পাওয়ার পর ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় মামলা দায়ের করা হয়।

মামলার ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট চুনাপাথর কারখানার জমির মালিক সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিয়াকে গ্রেফতার করেছে। তবে মামলার আরেক আসামি, কারখানার মালিক, এখনও পলাতক রয়েছেন। তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর গত ৫ আগস্ট ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনের লিকেজ মেরামত সম্পন্ন হয়েছে। তিতাস গ্যাসের দাবি, বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন