Thursday, August 6, 2026

যুক্তরাষ্ট্রে নিয়োগে বৈষম্যের অভিযোগে ওপেনএআই ও স্ট্যাটসিগের সঙ্গে সমঝোতা, ৩২ লাখ ডলার পরিশোধে সম্মতি


প্রতীকী ছবিঃ ওপেনএআই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং তাদের সাবেক সহযোগী প্রতিষ্ঠান স্ট্যাটসিগ। নিয়োগ প্রক্রিয়ায় মার্কিন নাগরিকদের প্রতি বৈষম্যের অভিযোগের তদন্ত নিষ্পত্তিতে প্রতিষ্ঠান দুটি ৩২ লাখ মার্কিন ডলার পরিশোধ এবং আগামী তিন বছর সরকারি তদারকির আওতায় থাকার শর্তে সম্মত হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন এ তথ্য জানায়।

ডিওজের অভিযোগ, নির্দিষ্ট কিছু চাকরির ক্ষেত্রে বিদেশি কর্মীদের স্থায়ী আবাসনের (Permanent Residence) আবেদন সহজ করতে প্রতিষ্ঠান দুটি এমন নিয়োগপদ্ধতি অনুসরণ করেছে, যাতে যোগ্য মার্কিন নাগরিকদের আবেদন করার সুযোগ কার্যত সীমিত হয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (INA)-এর বিধানের পরিপন্থী বলে দাবি করেছে বিভাগটি।

তদন্তে বলা হয়েছে, সংশ্লিষ্ট চাকরিগুলো যথাযথভাবে জনসমক্ষে প্রচার করা হয়নি। কোথাও গভীর রাতে রেডিওতে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, আবার কোথাও অনলাইন আবেদনের সুযোগ না রেখে কেবল কাগজে আবেদন গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। এসব কারণে সম্ভাব্য যোগ্য মার্কিন নাগরিকরা আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে ওপেনএআই ও স্ট্যাটসিগ কোনো ধরনের অনিয়মের দায় স্বীকার করেনি। তা সত্ত্বেও দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে বিষয়টির সমাধানে সমঝোতার পথ বেছে নিয়েছে।

সমঝোতার আওতায় মোট ৩২ লাখ ডলার পরিশোধ করা হবে। এর মধ্যে ১২ লাখ ডলার জরিমানা হিসেবে যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়া হবে। বাকি ২০ লাখ ডলার সংরক্ষিত থাকবে, যাতে তদন্তে ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিক শনাক্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া যায়।

এছাড়া আগামী তিন বছর প্রতিষ্ঠান দুটির পার্মানেন্ট রেসিডেন্স-সংক্রান্ত নিয়োগ কার্যক্রমের ওপর বিচার বিভাগের বিশেষ নজরদারি থাকবে। এ সময় নিয়োগ নীতিমালা প্রণয়ন ও অনুমোদন, নিয়মিত প্রতিবেদন জমা এবং বিদেশি কর্মী ও মার্কিন আবেদনকারীদের নিয়োগসংক্রান্ত তথ্য সরকারকে জানাতে হবে।

প্রতিবেদনগুলোতে বিদেশি কর্মীদের জন্য কতটি আবেদন করা হয়েছে, কতজন মার্কিন নাগরিককে সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং নিয়োগ-সংক্রান্ত অন্যান্য পরিসংখ্যানও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ওপেনএআই ২০২৫ সালের সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ/বি টেস্টিং প্রতিষ্ঠান স্ট্যাটসিগ অধিগ্রহণ করে। পরে ২০২৬ সালের মে মাসে প্রতিষ্ঠানটির একটি অংশ আলাদা করা হয়। তবে বিচার বিভাগ জানিয়েছে, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত অধিগ্রহণের আগেই পৃথকভাবে শুরু হয়েছিল।

ডিওজের তথ্য অনুযায়ী, ওপেনএআইয়ের বিরুদ্ধে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পাঁচটি এবং স্ট্যাটসিগের বিরুদ্ধে একটি নিয়োগসংক্রান্ত ঘটনার তদন্ত চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, কর্মসংস্থানে বৈষম্য প্রতিরোধে তারা সাম্প্রতিক সময়ে নজরদারি জোরদার করেছে। এর আগেও একই ধরনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা (তৎকালীন ফেসবুক) এবং অ্যাপলসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিল। বর্তমান ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন