Sunday, November 29, 2026

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল মাস্কের স্পেসএক্স, এগোচ্ছে অরবিটাল ডেটা সেন্টারের পরিকল্পনা


ছবিঃ স্পেসএক্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট স্থাপন ও পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার দেওয়া এই অনুমোদনকে মহাকাশভিত্তিক কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

তবে এই অনুমোদনের অর্থ এই নয় যে, স্পেসএক্স এখনই মহাকাশে ডেটা সেন্টার চালু করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রযুক্তিগত, আর্থিক ও পরিবেশগত বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রতিষ্ঠানটিকে। পাশাপাশি স্যাটেলাইটের বর্জ্য ব্যবস্থাপনা এবং কক্ষপথ ব্যবহারের বিষয়ে আরও কিছু নিয়ন্ত্রক অনুমোদনও বাকি রয়েছে।

এফসিসির সিদ্ধান্তের আগে স্পেসএক্সের পরিকল্পনার বিরোধিতা করেছিল অ্যামাজন, ভায়াস্যাট এবং আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তাদের উদ্বেগের মধ্যে ছিল মহাকাশে স্যাটেলাইটের অতিরিক্ত ভিড়, কক্ষপথে ধ্বংসাবশেষ জমে দুর্ঘটনার ঝুঁকি, বেতার তরঙ্গের সংকেতের মধ্যে বিঘ্ন এবং পরিবেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব।

স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের বিকল্প গড়ে তুলছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি এফসিসির কাছে দেওয়া আবেদনে স্পেসএক্সের প্রস্তাবের বিস্তারিত পরিকল্পনার ঘাটতি তুলে ধরে। তাদের ভাষ্য, প্রকল্পটি বাস্তবসম্মত পরিকল্পনার চেয়ে উচ্চাভিলাষী ঘোষণা হিসেবেই বেশি প্রতীয়মান। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাস্তব ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করে অ্যামাজন।

তবে বিরোধীদের উত্থাপিত কয়েকটি গুরুত্বপূর্ণ আপত্তি এফসিসি গ্রহণ করেনি। বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার ওপর সম্ভাব্য প্রভাবসংক্রান্ত উদ্বেগের বিষয়ে কমিশনের বক্তব্য, বিষয়টি তাদের নিয়ন্ত্রক এখতিয়ারের আওতায় পড়ে না।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এদিকে অনুমোদনের জন্য এফসিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর মতে, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

স্পেসএক্সের পরিকল্পিত স্যাটেলাইটগুলোর নাম দেওয়া হয়েছে ‘স্টারমাইন্ড’। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, এগুলো পৃথিবী থেকে প্রায় ৫০০ থেকে ১ হাজার ২ কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করা হবে।

স্যাটেলাইটগুলোর মধ্যে মূল যোগাযোগব্যবস্থা হিসেবে লেজার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একটি স্যাটেলাইট অন্যটির সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারবে। এ ক্ষেত্রে স্পেসএক্সের বিদ্যমান স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গেও সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তবে লেজারভিত্তিক প্রধান যোগাযোগব্যবস্থা কোনো কারণে অকার্যকর হয়ে পড়লে স্যাটেলাইটগুলোর সঙ্গে পৃথিবী থেকে যোগাযোগ ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বেতার তরঙ্গ ব্যবহারের অনুমতি দিয়েছে এফসিসি। অর্থাৎ বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে রেডিওফ্রিকোয়েন্সি ব্যবহারের সুযোগও থাকছে।

মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের ধারণা আকর্ষণীয় হলেও বাস্তবে তা কার্যকর করা সহজ হবে না। বিপুলসংখ্যক স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো স্পেসএক্সের সামনে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে মহাকাশে উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর ঠান্ডা রাখার ব্যবস্থা তৈরি এবং কক্ষপথে পাঠানোর জন্য প্রয়োজনীয় চিপের অর্থায়ন নিশ্চিত করাও কঠিন হতে পারে।

এ ছাড়া মহাকাশে ব্যবহৃত স্যাটেলাইটের কার্যকাল শেষ হলে সেগুলো কীভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হবে, তা নিয়েও জটিলতা রয়েছে। এফসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, পৃথিবী থেকে ২ হাজার কিলোমিটারের নিচে অবস্থানকারী কোনো স্যাটেলাইটের কার্যক্রম শেষ হলে পাঁচ বছরের মধ্যে সেটিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হয়।

কিন্তু স্পেসএক্স কিছু অবসরপ্রাপ্ত স্যাটেলাইটকে পৃথিবীর অন্য কক্ষপথে কিংবা সূর্যের চারপাশের কক্ষপথে সরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য বিদ্যমান নিয়ম থেকে ছাড় চেয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ৬০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পরিচালিত স্যাটেলাইটগুলোর ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা নিয়ে স্পেসএক্সের পরিকল্পনা এখনো এফসিসির চূড়ান্ত অনুমোদন পায়নি।

প্রকল্প বাস্তবায়নের জন্য স্পেসএক্সকে দীর্ঘ সময় দিয়েছে এফসিসি। অনুমোদনের শর্ত অনুযায়ী, প্রথম কার্যকর স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর জন্য প্রতিষ্ঠানটি সাত বছর সময় পাবে। আর পরিকল্পিত পুরো স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ বছর।

এতে স্পষ্ট, এফসিসির অনুমোদন স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করলেও প্রকল্পটির বাস্তব রূপ পেতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। প্রযুক্তির সীমাবদ্ধতা, বিপুল বিনিয়োগের প্রয়োজন এবং মহাকাশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোই শেষ পর্যন্ত এই উচ্চাভিলাষী উদ্যোগের সাফল্য নির্ধারণ করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন