Thursday, November 26, 2026

চ্যাটজিপিটির দুই সুবিধায় অভিন্ন ব্যবহারসীমা চালু করছে ওপেনএআই


প্রতীকী ছবিঃ চ্যাটজিপিটি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চ্যাটজিপিটিতে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ সুবিধা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দুটি সুবিধার ব্যবহারসীমা এক করে দেওয়ার সিদ্ধান্তে উন্নত এআই মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু গ্রাহক।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’ সোশিও এ পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা জানান। এর আগে গত ২ নভেম্বর গ্রাহকদের পাঠানো ইমেইলে চ্যাট ও ওয়ার্ক ট্যাব একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে আগের তুলনায় ঘন ঘন ব্যবহারের সীমা শেষ হয়ে যাওয়ার কথা নয়। তবে যারা সবচেয়ে বেশি পরিমাণে সেবা ব্যবহার করেন, তাদের একটি ছোট অংশ আগের চেয়ে দ্রুত নির্ধারিত সীমায় পৌঁছে যেতে পারেন।

নতুন ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ওপেনএআইয়ের কমিউনিটি ফোরাম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন গ্রাহক। তাদের আশঙ্কা, চ্যাট ও ওয়ার্কের জন্য আলাদা ব্যবহারের সুযোগ তুলে দিয়ে একক সীমা চালু করা হলে উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে। অথচ সাবস্ক্রিপশনের জন্য তাদের আগের মতোই অর্থ দিতে হবে।

টেকক্রাঞ্চকে ওপেনএআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক—দুই ধরনের কাজের জন্য একটি অভিন্ন ব্যবহারসীমা কার্যকর হবে। অর্থাৎ দুই সুবিধা ব্যবহারের হিসাব একই সীমার মধ্যে গণনা করা হবে।

তবে ইনস্ট্যান্ট মডেলের ক্ষেত্রে নিয়ম আলাদা থাকছে। এই মডেল ব্যবহার করা যাবে সীমাহীনভাবে এবং এর ব্যবহার অভিন্ন ব্যবহারের বরাদ্দ থেকে বাদ থাকবে। এমনকি নির্ধারিত ব্যবহারসীমা শেষ হয়ে গেলেও গ্রাহকেরা ইনস্ট্যান্ট মডেল ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

ওপেনএআইয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, গ্রাহকেরা যেন নিজেদের সাবস্ক্রিপশন পরিকল্পনার আওতায় আরও বেশি সুবিধা পান, সে জন্য সেবার দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক গ্রাহকের মধ্যে চালু হলেও আগামী ডিসেম্বর থেকে আরও বিস্তৃত পরিসরে অভিন্ন ব্যবহারসীমা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সহায়তা পৃষ্ঠা।

এদিকে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সম্প্রতি একই ধরনের উদ্যোগ নিয়েছে। গত সেপ্টেম্বর মাসে তারা নিজেদের কথোপকথনভিত্তিক সেবা ক্লড এবং কাজের জন্য তৈরি ‘কোওয়ার্ক’ সুবিধাকে একটি ইন্টারফেসে নিয়ে আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এ ধরনের পরিবর্তনের পেছনে অবকাঠামোগত ব্যয় বৃদ্ধি এবং উন্নত মডেলের চাহিদা বেড়ে যাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী এআই মডেল পরিচালনায় বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

একই সঙ্গে চ্যাট ও কাজভিত্তিক সুবিধা এক জায়গায় আনলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ হতে পারে। এতে সাধারণ কথোপকথন থেকে জটিল কাজ সবকিছু সম্পন্ন করতে বারবার আলাদা ট্যাবে যাওয়ার প্রয়োজন কমবে। তবে সুবিধা একীভূত করার পাশাপাশি গ্রাহকদের ব্যবহারের সুযোগ ও সাবস্ক্রিপশন সুবিধা কতটা অক্ষুণ্ন থাকে, সেটিই এখন আলোচনার বিষয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন