Sunday, November 29, 2026

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন, রাজধানী তাইপের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই


ছবিঃ তাইওয়ানের তাইপেইতে অবস্থিত শিপাই ফুক্সিং মন্দিরের একটি অস্থায়ী ভোটকেন্দ্রে, লাল ভেস্ট ও ফেস মাস্ক পরিহিতা এক নারী ভাঁজ করা ব্যালট হাতে পর্দাঘেরা ভোটকক্ষ থেকে বেরিয়ে আসছেন। (সংগৃহীত । আল জাজিরা /চেং চিয়া হুয়াং/গেটি ইমেজেস)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বীপটির ২২টি শহর ও কাউন্টিতে মেয়র, কাউন্সিল সদস্যসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। বিশেষ করে বড় শহরগুলোর কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা এবার বেশ জমে উঠেছে। সবচেয়ে বেশি নজর রয়েছে রাজধানী তাইপের মেয়র নির্বাচন ঘিরে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে স্থানীয় সরকারের মোট প্রায় ১১ হাজার পদে ভোট দিয়েছেন ভোটাররা। ‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এ নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যার দিকে ফলাফল আসতে পারে বলে আশা করা হচ্ছে।

তাইপের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন এবং বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন। গত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন চিয়াং। এবারও তিনি এগিয়ে থাকবেন বলে ধারণা করা হলেও প্রতিদ্বন্দ্বী শেনের প্রচারণায় ব্যাপক জনসমাগম নির্বাচনী লড়াইকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

শেন একজন শিক্ষাবিদ থেকে রাজনীতিতে আসা আইনপ্রণেতা। চীনের তথ্যযুদ্ধ ও প্রভাব বিস্তার কৌশল নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। চীন তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিযুক্ত করেছে। দেশটির পুলিশও তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা জানিয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেও নির্বাচনী প্রচারে সমর্থকদের বড় উপস্থিতি পেয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারের শেষ দিনে যানজটের আশঙ্কায় সরাসরি সমাবেশ বাতিল করেন শেন। পরিবর্তে অনলাইনে আয়োজিত প্রচার অনুষ্ঠানে অংশ নেন তিনি। ইউটিউবে অনুষ্ঠানটি পাঁচ লাখের বেশি মানুষ দেখেছেন। অন্যদিকে ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে পাশের নিউ তাইপে সিটিতে এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটারদের প্রতি আহ্বান জানান।

চিয়াং ওয়ান-আন নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বিতাকে ‘খুব কাছাকাছি’ বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন ওয়াংয়ের মতে, কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইপেতে শেনের জয় বেইজিংয়ের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

তাইপে ছাড়াও তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলীয় কাওশিউংয়ের মেয়র নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউ তাইপে সিটিতে বর্তমানে কেএমটির মেয়র দায়িত্ব পালন করছেন। অন্যদিকে কাওশিউংয়ের মেয়র পদ রয়েছে ডিপিপির দখলে।

স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল সরাসরি তাইওয়ানের চীননীতি বদলে দেবে না। প্রচারণায় পরিবহনব্যবস্থা, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করা চীন নির্বাচন ঘিরে বারবার বক্তব্য দিয়েছে। ফলে বেইজিংও নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় ৩৩টি সামরিক উড়োজাহাজ তাইওয়ানের দিকে উড্ডয়ন করেছে। এসব উড়োজাহাজের মধ্যে বোমারু ও যুদ্ধবিমানও ছিল।

তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের অভিযোগ, ‘কগনিটিভ ওয়ারফেয়ার’ বা মানুষের চিন্তা ও মনোভাবকে প্রভাবিত করার কৌশল এবং আন্তঃদেশীয় দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহে বলেছে, চীনের সঙ্গে তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ’ একটি অনিবার্য প্রবণতা।

চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ডিপিপি পেয়েছিল পাঁচটি এবং অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছিলেন তিনটি এলাকায়। কেএমটি সাধারণত বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে অবস্থান নেয়। বিপরীতে ডিপিপি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে ২০২৮ সালের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য চিত্র নির্ভরযোগ্যভাবে বোঝা কঠিন। তবে এবারের ফল দুই প্রধান দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কেএমটির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের আলোচনা স্থানীয় নির্বাচনের পরপরই শুরু হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী তাইচুং মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।

এ ছাড়া কেএমটির চেয়ারওম্যান চেং লি-উনকেও সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এপ্রিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তবে স্থানীয় নির্বাচনে দল খারাপ ফল করলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চাপের মুখে পড়তে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন