Sunday, November 29, 2026

শিক্ষাকে চাকরির গণ্ডিতে আটকে না রেখে মানবিক ও কর্মমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

শিক্ষাকে কেবল চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে বিবেচনা না করে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

তারেক রহমান বলেন, শিক্ষার সাফল্য শুধু চাকরির প্রস্তুতি কিংবা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মনন ও ব্যক্তিত্বের বিকাশে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সংস্কৃতিচর্চার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এসব চর্চার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, সৃজনশীলতা, যুক্তিনির্ভর চিন্তা ও নেতৃত্বের সক্ষমতা গড়ে ওঠে।

কলেজ অধ্যক্ষদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম কারিগর। তাঁদের যোগ্যতা, বিচক্ষণতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও দূরদর্শিতার ওপর শিক্ষকদের সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।

তিনি বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ১৯৯২ সালের ২১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।

গত ১৬ বছরে কলেজের সংখ্যা ও উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বেড়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর সঙ্গে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেই শিক্ষার মান বেড়েছে এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট সবাইকে আত্মসমালোচনা করতে হবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের সময় দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে আরও আধুনিক, সময়োপযোগী ও কার্যকর করে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ পরিবর্তনের নেতৃত্ব কলেজ অধ্যক্ষদেরই দিতে হবে বলে তিনি মনে করেন।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে শিক্ষকরা যথাযথভাবে যুক্ত হতে না পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ে। একজন শিক্ষক যত বেশি প্রশিক্ষিত হবেন, তাঁর পাঠদানের সক্ষমতাও তত উন্নত হবে।

গতানুগতিক শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর পাঠদান চালুর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্ব কমানো কঠিন হবে।

বিশ্বের একটি বড় অংশ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা পুরোপুরি ভোগ করতে পারেনি, অথচ বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও ফাইভজির মতো প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে বড় ধরনের পরিবর্তন আনবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মদক্ষতায় রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, লক্ষ্যহীন শিক্ষা দিকনির্দেশনাহীন যাত্রার মতো। শিক্ষার প্রকৃত সাফল্য তখনই আসে, যখন অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করার মতো দক্ষতায় পরিণত হয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বা ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ বাড়ানো জরুরি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার অন্যতম লক্ষ্য।

এ উদ্দেশ্যে শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমানের মতে, শিক্ষাজীবনেই বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় থাকতে হবে না। বরং তাঁরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করে ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

বিশ্ববাজারে শিক্ষার্থীদের যোগাযোগ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে একাধিক বিদেশি ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রয়োজন।

এতে শিক্ষার্থীদের সামনে দেশের বাইরের উচ্চশিক্ষা, চাকরি ও পেশাগত যোগাযোগের নতুন ক্ষেত্র উন্মুক্ত হতে পারে বলে মনে করেন তিনি। এ লক্ষ্যে কলেজগুলোতে ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং ভাষা শিক্ষার কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম জোরদার করার আহ্বানও জানান তিনি। তাঁর মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের ক্ষেত্রে যথাযথ দিকনির্দেশনা এবং কর্মক্ষেত্রের প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন।

কলেজগুলোতে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কলেজভিত্তিক শিক্ষক সংকট দূর করা, শূন্য পদ পূরণ, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী অবকাঠামো রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা পূরণে বিকল্প উৎস ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

বক্তব্যের শেষ দিকে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠীর এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক ও সহায়ক মনোভাব বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, উচ্চশিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে এসব শিক্ষার্থীর প্রয়োজন ও সীমাবদ্ধতাকে গুরুত্ব দিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন