Sunday, November 29, 2026

গাজায় এমএসএফের ক্লিনিকে ইসরায়েলি হামলা, নিহত দুই কর্মী


ছবিঃ গাজা সিটিতে ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হওয়া একটি গাড়িতে লাগা আগুন নেভাচ্ছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক সদস্য (সংগৃহীত । আল জাজিরা /ওমর আল কাত্তায়া/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ফিলিস্তিনের গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই ওই ক্লিনিকের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এমএসএফ জানায়, তাদের একটি ক্লিনিকে ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় দুই সহকর্মীকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। এ ঘটনায় গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সংস্থাটি আরও জানায়, হামলার শিকার ক্লিনিকটি এমএসএফের পরিচিত লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এর অবস্থানও ইসরায়েলি সামরিক বাহিনীকে আগে থেকেই জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল। এমন একটি স্থাপনায় হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

তবে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত দুই কর্মী হামাসের সদস্য ছিলেন। এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ঘটনাটিকে ‘নৃশংস ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলার লক্ষ্যবস্তু করা নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরও হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটির অভিযোগ, চিহ্নিত এমএসএফ ক্লিনিকে হামলা মানবিক সহায়তাকর্মী ও স্থাপনাগুলোকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করার বৃহত্তর প্রবণতার অংশ।

অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সাবেক উপপ্রধান সল তাকাহাশি আলজাজিরাকে বলেন, এ হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করার যে ধারাবাহিকতা রয়েছে, তার সঙ্গেই এ ঘটনার সম্পর্ক রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজার ৭০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে এমএসএফ জানিয়েছিল, ইসরায়েল তাদের চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা দিয়েছে এবং বছরের শুরু থেকে সংস্থাটির সব আন্তর্জাতিক কর্মীর গাজায় প্রবেশ আটকে রেখেছে। অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তারা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন, কিছু ত্রাণ সংস্থার সঙ্গে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণ না দেওয়ার সমালোচনা করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। তাদের আশঙ্কা, এ ধরনের অভিযোগের কারণে ত্রাণ ও চিকিৎসাকর্মীদের ওপর হামলাকে স্বাভাবিক হিসেবে দেখার প্রবণতা তৈরি হচ্ছে।

এর আগে চলতি সপ্তাহেই গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে বাসিন্দাদের পানি সরবরাহের কাজ করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর (ইউএনআরডব্লিউএ) কর্মী আদেল আল-হেলু। সংস্থাটিতে টানা ৩৫ বছর কাজ করেছিলেন তিনি। ওই হামলায় আরও তিনজন আহত হন বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ ও চিকিৎসাকর্মীরা।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এসব হামলায় অন্তত এক হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪ হাজার ৭৭২ জনে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন