Thursday, August 6, 2026

বেসরকারি শিক্ষকদের বদলি ও অবসর সুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী


ফাইল ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়—বদলি ব্যবস্থা চালু এবং অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থছাড়—নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর বিষয়টি এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থছাড় সংক্রান্ত কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে বদলির সুযোগ চালুর দাবি জানানো হচ্ছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা অর্থ দ্রুত বিতরণের বিষয়টিও আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল।

তিনি বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতি মিললে পরবর্তী প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া দ্রুত শুরু করা হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকের সিদ্ধান্ত ইতিবাচক হলে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়ন এবং অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণে দীর্ঘদিনের জটিলতা নিরসনের পথ খুলে যেতে পারে।

তবে বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে আলোচিত বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন