- ০৬ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ছোড়া ৬০৫টি ড্রোন রাশিয়ার ভূখণ্ড ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, খারকিভ অঞ্চলের সম্মুখসারির শহর বালাকলিয়ায় রুশ হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কারাবানভ।
হামলার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানো ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলেও রুশ হামলায় তিনজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় পুলিশের তথ্য অনুযায়ী, সুমি শহরে রাশিয়ার গাইডেড বোমা হামলায় ১২ জন আহত হন।
এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা। দক্ষিণাঞ্চলের খেরসন এলাকায় ড্রোন হামলায় একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হলে ছয়জন আহত হন।
অন্যদিকে কৃষ্ণসাগর এলাকায় রুশ হামলায় বিদেশি পতাকাবাহী একটি গমবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নাবিক নিহত এবং জাহাজে আগুন ধরে যায় বলে জানিয়েছেন ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেরা কুইন’ নামের ওই জাহাজটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। বুধবার রাতে হামলার শিকার হয় এটি। ইউক্রেনের দাবি, গত এক মাস ধরে দেশটির বাণিজ্য ও রপ্তানি পথ বিশেষ করে কৃষ্ণসাগরের বন্দরগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ছোড়া ৬০৫টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার একটি বড় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক সেন্টার ড্রোন হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার অভিযোগ, গত ১৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটির অন্তত ২০টি গুদাম হামলার শিকার হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার সামরিক কার্যক্রমে ব্যবহারযোগ্য কিছু পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এগুলো হলো বাশকোর্তোস্তান অঞ্চলের বাশনেফত-নোভইল এবং ইয়ারোস্লাভল অঞ্চলের স্লাভনেফত-ইয়ানোস শোধনাগার।
ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ জানান, ইউক্রেনীয় ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে আগুন লাগে। জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও তিনি জানান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দূরপাল্লার হামলা আরও তীব্র হয়েছে। এতে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিও বাড়ছে।