- ০৬ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন করেছে। সব ধাপ শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন পেতে পারেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি সূত্র জানায়, জুলাই মাসের বেতন-ভাতার জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ (জিও) পাওয়ার পর তা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (এজি অফিস) পাঠানো হয়েছে। এজি অফিসের অনুমোদন সম্পন্ন হলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট বেতন বিতরণকারী ব্যাংকগুলোতে অর্থ পাঠানো হবে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, জুলাই মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য তা এজি অফিসে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেয়ে যাবেন।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল করেন। পরে যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থার ফলে বেতন-ভাতা ছাড়ের কার্যক্রম আগের তুলনায় আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।