Monday, May 18, 2026

কারিগরি শিক্ষা বোর্ডের সংশোধিত পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ


প্রতীকী ছবিঃ কারিগরি শিক্ষা বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।

রোববার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের তদারকির দায়িত্বে অন্য প্রতিষ্ঠানের শিক্ষককে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে খণ্ডকালীন শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্বে রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রকে কক্ষ পরিদর্শকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে বোর্ডকে জানাতে হবে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা পরিচালনা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নীতিমালাটি বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কেন্দ্র বাতিলসহ কেন্দ্র বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, অনুমোদিত পরীক্ষাকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগের সত্যতা পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই কেন্দ্র বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন