- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা সোমবার থেকে আগামী ২০ মে পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় ধাপ তথা চূড়ান্ত মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী বরাদ্দ পাওয়া বিষয় ও প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সেখানে দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
এদিকে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এটিই শেষ মাইগ্রেশন। পরবর্তীতে আর কোনো ধাপে বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকবে না।