- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় পলাতক স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। পরে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন—শারমিন খানম (৩৫), তার তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা ওরফে মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। একইসঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।