- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা চোর সন্দেহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। রোববার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যান নিয়ে এলাকায় প্রবেশ করে। তারা স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরে চিৎকার দিলে আশপাশের মানুষ জড়ো হয়ে চোরদের ধাওয়া শুরু করেন।
ধাওয়ার একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছে তালা কাটার যন্ত্র, চাপাতি ও ধারালো অস্ত্র পাওয়া যায়। এরপর উত্তেজিত জনতা তাদের ওপর গণপিটুনি চালায়। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।