- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) এবং ছোট মেয়ে কথা (৭)। তারা শাহজাহান মিয়ার মালিকানাধীন একটি আটতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসার সদস্যরা দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের পাশের কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। সকালে পরিবারের একজন সদস্য লাইটার জ্বালানোর চেষ্টা করলে স্ফুলিঙ্গের মাধ্যমে বিস্ফোরণ ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, কক্ষ থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত গ্যাস লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।