- ১৮ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। উৎসবের পঞ্চম দিনে তাঁর নতুন সিনেমা ‘দ্য বিলাভড’ প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা প্রায় সাত মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে ছবিটি।
প্রদর্শনী শেষে আবেগে ভেঙে পড়েন বারদেম। হাসিমুখে তিনি সহশিল্পীদের একে একে জড়িয়ে ধরেন এবং উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোকেও আলিঙ্গন করেন বলে জানা গেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন স্প্যানিশ নির্মাতা রদ্রিগো সরোগোয়েন। গল্পে দেখা যায়, এক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তার বিচ্ছিন্ন মেয়েকে নিজের নতুন সিনেমায় কাজের সুযোগ দেন। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পুরোনো সম্পর্কের টানাপোড়েন ও ক্ষত আবারও সামনে আসে।
ছবিতে বারদেমের বিপরীতে অভিনয় করেছেন ভিক্টোরিয়া লুয়েঙ্গ। দীর্ঘদিন আলাদা থাকার পর বাবা–মেয়ের পুনর্মিলনের মধ্য দিয়ে আবেগঘন এক সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
এদিকে উৎসবের একই রাতে আরেকটি আলোচিত প্রিমিয়ার ছিল জেমস গ্রের ‘পেপার টাইগার’। প্রদর্শনীর পর এই সিনেমাও দর্শকদের কাছ থেকে টানা সাত মিনিটের করতালিতে অভিষিক্ত হয়।
প্রিমিয়ারের সময় একটি মজার মুহূর্তও তৈরি হয়। পরিচালক জেমস গ্রে অভিনেত্রী স্কারলেট জোহানসনকে ভিডিও কলে যুক্ত করার চেষ্টা করেন, কিন্তু একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন ধরেননি। পরে কলটি ভয়েসমেইলে চলে গেলে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়।
সিনেমাটিতে অভিনয় করেছেন মাইলস টেলার ও অ্যাডাম ড্রাইভার, যাঁরা লালগালিচায় উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ দেওয়ার মাধ্যমে আলাদা উন্মাদনা তৈরি করেন।
এদিকে উৎসবের আরেক আলোচ্য মুহূর্তে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট হলিউডের স্টুডিও সংস্কৃতি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় সৃজনশীলতার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্য উদ্বেগজনক।
সব মিলিয়ে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর আবেগ, বিতর্ক এবং তারকাদের উপস্থিতিতে আরও জমজমাট হয়ে উঠেছে।