Monday, May 18, 2026

গাজা ইস্যুতে নীরবতা মানেই গণহত্যার পক্ষে থাকা: হাভিয়ের বারদেম


ছবিঃ কান উৎসবে অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফিলিস্তিন ইস্যুতে কথা বললে হলিউডে ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে—এমন ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বলে মনে করছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। তাঁর মতে, গাজায় যা ঘটছে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে এবং অনেকেই প্রকাশ্যে অবস্থান নিতে শুরু করেছেন।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য বিলাভেড’–এর প্রচারণায় অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফিলিস্তিন ইস্যুতে সরব থাকার কারণে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বারদেম বলেন, ভয় অবশ্যই থাকে। তবে নিজের বিশ্বাস ও মানবিক অবস্থানের পক্ষে দাঁড়ানো প্রয়োজন। তিনি বলেন, নিজের বিবেকের কাছে সৎ থাকতে না পারলে সেই অবস্থানের কোনো মূল্য থাকে না।

গাজা পরিস্থিতি নিয়ে বারদেম আরও বলেন, সেখানে যা ঘটছে, সেটিকে তিনি গণহত্যা হিসেবেই দেখেন। তাঁর ভাষায়, মানুষ চাইলে এর ব্যাখ্যা দিতে পারে বা অস্বীকার করতে পারে, কিন্তু বাস্তবতা বদলায় না। কেউ যদি নীরব থাকে বা সমর্থন করে, তাহলে সেটিও এক ধরনের অবস্থান।

হাভিয়ের বারদেম বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। চলতি বছরের অস্কার অনুষ্ঠানেও পুরস্কার উপস্থাপনার সময় তিনি “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়েছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হলিউডে ফিলিস্তিনপন্থী শিল্পীদের বিরুদ্ধে কথিত ‘ব্ল্যাকলিস্ট’ বা গোপন নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন তিনি। যদিও এ ধরনের তালিকার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন বলে জানান বারদেম, তবে তাঁর মতে পরিস্থিতি বদলাচ্ছে এবং নতুন প্রজন্ম আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল প্রযুক্তির কারণে তরুণেরা এখন সরাসরি বিশ্বের বাস্তবতা দেখতে পাচ্ছে। ফলে তথ্য গোপন রাখা বা একতরফা বর্ণনা চাপিয়ে দেওয়া আগের মতো সহজ নয়।

সংবাদ সম্মেলনে বিশ্বরাজনীতি ও গণমাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের হাতে তথ্য ও বিনোদন খাত কেন্দ্রীভূত হয়ে যাওয়াকে তিনি বিপজ্জনক প্রবণতা হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি তরুণদের সমালোচনামূলক চিন্তা করার আহ্বান জানান। তাঁর মতে, মানুষকে তথ্য যাচাই করে সত্য-মিথ্যা বোঝার সক্ষমতা অর্জন করতে হবে, নইলে সমাজ আরও বিভ্রান্তির দিকে এগোবে।

নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ টেনে বারদেম বলেন, স্পেনে প্রতি মাসে বহু নারী সাবেক স্বামী বা প্রেমিকের সহিংসতার শিকার হচ্ছেন। সমাজ ধীরে ধীরে এসব ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিশ্বনেতাদের নিয়েও কড়া মন্তব্য করেন এই অভিনেতা। তিনি ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে বলেন, ক্ষমতার রাজনীতিতে এক ধরনের বিষাক্ত পুরুষতান্ত্রিক আচরণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এদিকে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘দ্য বিলাভেড’ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে সাড়া ফেলেছে। নির্মাতা রদ্রিগো সরোগোয়েন পরিচালিত সিনেমাটি প্রিমিয়ারের পর দীর্ঘ সময় দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন