- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবিকায়—এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা অনেক মানুষের আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
শনিবার সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় একটি পেট্রলপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান জানান, পাম্পে গিয়ে মোটরসাইকেলচালকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আগে যেখানে তারা দিনে দেড় থেকে দুই হাজার টাকা আয় করতেন, বর্তমানে তা নেমে এসেছে ৫০০ থেকে ৬০০ টাকায়। তিনি বলেন, “জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে তাদের কাজের সময় কমে যাচ্ছে, ফলে আয়ও কমে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জ্বালানি বাজারের অস্থিরতার কারণে পরিবহন খরচ বেড়ে গেছে, যা সরাসরি দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে। একই সঙ্গে বিভিন্ন খাতে অতিরিক্ত চাঁদাবাজির অভিযোগও তুলেছেন তিনি, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন।
বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেও দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের উচিত বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা। তিনি অভিযোগ করেন, সরকার পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না, বরং বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে।
পেট্রলপাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেক চালক ৫ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। এতে তাদের দৈনন্দিন জীবন ও আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।
সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তেলের চাহিদা বেড়ে যাওয়ার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত মোটরসাইকেলচালকেরা জ্বালানি সংকট নিয়ে সংসদে জোরালো আলোচনা এবং প্রয়োজন হলে আন্দোলনের দাবিও জানান। এর জবাবে শফিকুর রহমান বলেন, জনগণের দাবির সঙ্গে তিনি আছেন এবং প্রয়োজনে রাজপথে নামার কথাও উল্লেখ করেন।