Sunday, April 19, 2026

এনসিপিতে যোগ দিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতারা রাজধানীতে আজ সংবাদ সম্মেলন


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন করে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের যোগদানের ঘোষণা আসছে। এ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আপ বাংলাদেশের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত নতুন এই দলে যুক্ত হচ্ছেন। পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও এনসিপিতে যোগ দিচ্ছেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলটিতে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তিতে, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তিতে এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেতে পারেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলকে শক্তিশালী ও বিস্তৃত করতে বিভিন্ন মতাদর্শের সংস্কারপন্থী ব্যক্তিদের স্বাগত জানানো হচ্ছে। তিনি জানান, “যারা দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পক্ষে, তাদের জন্য এনসিপির দরজা খোলা।”

অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইসহাক সরকারও ভবিষ্যতে এনসিপিতে যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে। এ বিষয়ে তিনি বলেন, এ নিয়ে তার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন সংগঠনের নেতাদের এভাবে একত্রিত করার মাধ্যমে এনসিপি নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন