- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ফয়সাল (৩২) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মৃত মো. বাবুলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বিবাহিত এবং তার একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালের সঙ্গে একই এলাকার জুয়েল নামে এক ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফয়সালের কাছে প্রায় এক লাখ টাকা পাওনা ছিল বলে জানা গেছে, যার একটি অংশ পরিশোধ হলেও বাকি টাকা নিয়ে দ্বন্দ্ব অব্যাহত ছিল।
নিহতের পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধের কথা বলে ফয়সালকে সরকারহাট বাজার এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে একটি ডাম্পট্রাক দিয়ে তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছেন। তারা অভিযোগ করেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং মূল অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যা হিসেবে অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।