- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফরিদপুর
দেশব্যাপী হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে জেলার সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সদর হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সারা দেশে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নেওয়া থাকলেও এই বয়সসীমার প্রতিটি শিশুকে অতিরিক্ত একটি ডোজ দেওয়া হবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে। তবে টিকার ডোজগুলোর মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুরে মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন, ২৩৭টি ওয়ার্ড এবং পৌরসভার ২৭টি ওয়ার্ডে মোট ২ হাজার ৬৯৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
কেন্দ্রগুলোর মধ্যে স্থায়ী ইপিআই কেন্দ্র ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিপুলসংখ্যক অস্থায়ী কেন্দ্র রাখা হয়েছে, যাতে করে শিশুদের সহজে টিকাদান সেবা নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. মাহমুদুল হাসান বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন সফল করা সম্ভব। অপপ্রচার থেকে দূরে থেকে শিশুদের টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।”