Sunday, April 19, 2026

সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


ছবিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজনগর এলাকায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহমুদ হাসান জানান, স্থানীয় ইউপি সদস্য মেহের আলীর বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ডে প্রতিবাদ করায় তিনি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। একই সঙ্গে একটি তালাকপ্রাপ্ত নারীকে জোর করে তার বাড়িতে প্রবেশ করিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, তাকে ভয়ভীতি দেখাতে ভাড়াটে লোকজন ব্যবহার করা হচ্ছে এবং এমনকি তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছে। এসব কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।

মাহমুদ হাসান এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন