Sunday, April 19, 2026

শরীয়তপুরে সরকারি চাল সরানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন


ছবিঃ অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর

শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদাম থেকে সরকারি চাল সরানোর অভিযোগের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলম দিনাকে বদলি করা হয়েছে। তাকে মুন্সিগঞ্জে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা জারি করেছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে প্রায় ৪০০ বস্তা সরকারি সিলযুক্ত চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি পালং মডেল থানা সংলগ্ন সড়কে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ট্রাকটি আটক করে।

পরে সন্ধ্যার দিকে পুলিশ ট্রাকসহ চাল থানার সামনে রাখে। তবে রাতে আবার চাল সরানোর চেষ্টা হলে স্থানীয়রা দ্বিতীয় দফায় চৌরঙ্গী এলাকায় ট্রাকটি আটক করে। রাত গভীর হলে গুদামের ওসি দিনা ঘটনাস্থলে গিয়ে চাল গুদামে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু স্থানীয়দের বাধার মুখে সরে যান। পরে মধ্যরাতে চালগুলো জেলা খাদ্য গুদামে নেওয়া হয়।

ঘটনার পর দিনাকে ঘিরে নানা অভিযোগ ওঠে। জানা গেছে, তিনি নিজেকে সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। তবে প্রকৃতপক্ষে তার বাবা মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, যিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেনকে রাখা হয়েছে।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “সরকারি চাল কীভাবে গুদাম থেকে বের হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, প্রশাসনিক কারণে বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারি খাদ্য ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন