- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী ও টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তার মতে, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। তিনি দ্রুত গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতৃত্ব গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। এতে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সরকার যদি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে কঠোর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবেন তারা।
সভায় তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে সংস্কার প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে।