- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে শিমাদা তোমোকি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ সম্পর্ককে আরও বহুমাত্রিক ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বিশেষভাবে বাংলাদেশে একটি আধুনিক ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা কামনা করেন।
জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।