Thursday, June 11, 2026

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ফোরাম গঠনের ঘোষণা এবি পার্টির


ফাইল ছবিঃ বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, গণভোটে জুলাই সনদের পক্ষে মত দেওয়া জনগণকে ঐক্যবদ্ধ করে সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়; রাজবন্দীদের অভিজ্ঞতা ও জবানবন্দি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রপক্ষ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছেছে। জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। তিনি সরকারের প্রতি জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় তাকে এবং অন্য আন্দোলনকারীদের ওপর নানা ধরনের চাপ ও হুমকি প্রয়োগ করা হয়েছিল। তবে এসব বাধা সত্ত্বেও আন্দোলনের মূল লক্ষ্য থেকে তারা সরে যাননি।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য পূরণে সনদের বাস্তবায়ন অপরিহার্য। তিনি রাষ্ট্র সংস্কার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্বের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স বলেন, আন্দোলনে শহীদ, আহত ও রাজবন্দীদের আত্মত্যাগকে কেবল স্মরণ করলেই হবে না; তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যও উদ্যোগ নিতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, রাজবন্দীদের অবদান স্বীকৃতি এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন