- ২৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ
ঝিনাইদহের আলোচিত ঘটনায় গ্রেফতারের একদিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সোমবার সকালে কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। ওই সময় তিনি একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে সেখানে গিয়েছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান, সাদা পোশাকের বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে থানায় নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়।
মামলার বাদী ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির অভিযোগ করেন, সাম্প্রতিক একটি ঘটনায় তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ওসি আসাদউজ্জামান জানান, দায়ের করা মামলার ভিত্তিতেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে তারেক রেজার জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের মধ্যে স্বস্তি দেখা যায়। স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে।