- ২৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামাত। সোমবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তর করা হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ।
ডিএসসিসি প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পথ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের জামাতের জন্য পুরো ময়দানে ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অজুর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন।
মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ঈদগাহ এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
সব মিলিয়ে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।