- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন একাংশের শ্রমিকরা। সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
সকাল থেকেই নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এতে রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী বাসের কাউন্টার বন্ধ হয়ে যায়। হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে আটকে পড়েন শত শত যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে বিভিন্ন পরিবহনের বাস দাঁড়িয়ে থাকলেও অধিকাংশ কাউন্টার ছিল বন্ধ। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।
কুমিল্লাগামী যাত্রী তসিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে আগেই ছুটি নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে।
শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। নতুন কমিটিতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
তবে শ্রমিকদের একটি অংশ এ কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচন দাবিতে আন্দোলনে নামে। তাদের অভিযোগ, শ্রমিকদের মতামত ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রফিকুল ইসলাম পাখির বিরুদ্ধে সম্প্রতি শ্রমিকদের ওপর হামলার অভিযোগও রয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, কারা বাস চলাচল বন্ধ রেখেছে, তা তিনি নিশ্চিত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠকে অংশ নিতে গেছেন বলেও জানান।