Monday, May 18, 2026

বগুড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা


প্রতীকী ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক শতাংশ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এর জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ইয়াসিন ও সুমনকে। ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বৈত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীকোলা গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাহাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন