- ১২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম-এর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কে এম আই মন্টি-কে।
এছাড়া কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসনের পুত্র ও দলের শীর্ষ নেতা তারেক রহমান-কে। জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক শামীম।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে এ বি এম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হিসেবে আসাদ পারভেজ এবং প্রচার সম্পাদক হিসেবে দিদারুল আলম দিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে মোট ২০ জন সহসভাপতি ও ১৩ জন সহসাধারণ সম্পাদক রয়েছেন। এছাড়া অন্যান্য সদস্যদের বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম জেলা ও তৃণমূল পর্যায়ে আরও জোরদার হবে এবং সংগঠনটি রাজনৈতিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।