Sunday, October 11, 2026

কর্মসংস্থান ও মাদক প্রতিরোধে তরুণদের সংগঠিত করতে চায় জাতীয় যুবশক্তি


ছবিঃ খুলনায় জাতীয় যুবশক্তির নতুন কমিটির পরিচিতি সভা: কর্মসংস্থান ও মাদক- কিশোর অপরাধ প্রতিরোধে কাজের অঙ্গীকার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদকের বিস্তার রোধ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন নেতারা।

রোববার (১১ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. হেলাল খন্দকার।

সভায় জানানো হয়, গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তির খুলনা মহানগর শাখার ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সরদার তুহিনুজ্জামান সোহাগ আহ্বায়ক, মো. হেলাল খন্দকার সদস্যসচিব এবং আলিফ আফিফ অন্তিক মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের কার্যক্রম মহানগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানা শাখার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে তরুণদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। যুবসমাজের রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে জাতীয় যুবশক্তি কাজ করতে চায়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ চৌধুরী বলেন, অতীতে দেশের রাজনীতিতে যুবসমাজকে অনেক সময় দলীয় স্বার্থে কিংবা পেশিশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। জাতীয় যুবশক্তি সেই ধারার বাইরে থেকে তরুণদের মেধা, দেশপ্রেম ও কর্মমুখী নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে চায়।

তিনি বলেন, খুলনায় বেকারত্ব, মাদকের বিস্তার ও কিশোর অপরাধের মতো সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ জন্য তরুণদের সংগঠিত করে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

সভায় সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে নেতারা জানান, খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা এবং বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের পরিকল্পনা রয়েছে।

সভায় নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন