Monday, October 12, 2026

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত


প্রতীকী ছবিঃ বিএনপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকেও আনোয়ার প্রধানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি পাওয়ার পর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

দলীয় চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে করেনি মহানগর বিএনপি। গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে অভিযোগ করা হয়, ওই দিন আনোয়ার প্রধানের নেতৃত্বে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ করা হয়। একই ঘটনায় রিফাত বাধা না দিয়ে উসকানি ও সহযোগিতা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাখাওয়াত হোসেন খানকে অবরুদ্ধ রাখা এবং পরে ক্ষমা চেয়ে চলে যাওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে তাঁরা মিথ্যা বলে দাবি করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

কারণ দর্শানোর নোটিশের জবাবে ঘটনাটিকে আইনজীবী ফোরামের বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন সংশ্লিষ্ট দুই নেতা। তবে মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সাখাওয়াত হোসেন খান সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ফলে তাঁর সঙ্গে এ ধরনের আচরণ দলীয় শৃঙ্খলাবিরোধী।

পৃথক চিঠিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তাঁর সরকারি চেম্বার তালাবদ্ধ রাখা, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির মতো অভিযোগ উল্লেখ করে মহানগর বিএনপি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এসব অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনার পর আনোয়ার প্রধানের দুটি সাংগঠনিক পদ ও রিফাতের ওয়ার্ড সভাপতির পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককেও পাঠানো হয়েছে।

এদিকে, পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করেছেন আনোয়ার প্রধান। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার নিজের ফেসবুক পোস্টে আনোয়ার প্রধান লেখেন, যাঁরা অন্যায়ভাবে তাঁর নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছেন, তাঁদের বিষয়ে দলের নেতাকর্মীদের কাছে বিচার দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করার কথাও জানান।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত করা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়কের সঙ্গে আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিএনপির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন